ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় কাওসার আলী (৫০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বারোবাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাওসার আলী উপজেলার বেলাট গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস বারোবাজার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সাইকেলের আরোহী কাওসার আলী মারা যান। এ সময় বাসের অন্তত ৫ জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে গুরুতর দুজনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান।
বারোবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ আলমগীর কবির বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









