নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওব্যাট হেল্পার্স বাংলাদেশ। রোববার (৫ মার্চ) বিকেলে সংস্থাটির উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি সহায়তা বিতরণ করা হয়।
এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের প্রতিটির হাতে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। সহায়তার মধ্যে ছিল একটি করে বৈদ্যুতিক চুলা, তিনটি হাড়ি, দুইটি গ্লাস, দুইটি প্লেট, দুইটি পেয়ালা, দুইটি চামচ, একটি বালতি, একটি মগ, দুইটি বালিশ ও একটি বালিশ কভারসহ বেডসিট, একটি থ্রি-পিস, একটি লুঙ্গি, একটি গামছা এবং একটি মশারি। এছাড়াও খাদ্যসামগ্রীর মধ্যে দেওয়া হয় ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আটা, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ এবং দুইটি সাবান।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওব্যাট হেল্পার্স বাংলাদেশের অপারেশন ম্যানেজার মো. মাহফুজ আলম, হাই স্কুল ইনচার্জ মো. মনজুর আলম, এরাবিক সেন্টারের ইনচার্জ হাফেজ মোহাম্মদ আবদুর রহমান, উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মো. মাজেদ ইকবালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কৃতি সন্তান মো. মোস্তাকিম হোসেন।
এ সময় ওব্যাট হেল্পার্স বাংলাদেশের অপারেশন ম্যানেজার মো. মাহফুজ আলম বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও এমন যে কোনো দুর্যোগে আমরা মানুষের পাশে থাকতে চাই।”
উল্লেখ্য, গত ২৯ মার্চ রাত সাড়ে ১২টার দিকে সৈয়দপুর বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর (ভজে পাড়া) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬টি পরিবারের ৯টি বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়, ফলে পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে।
স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অত্যন্ত সহায়ক এবং প্রশংসনীয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









