শরীয়তপুর সদর উপজেলায় বিদ্যুৎচালিত সেচ পাম্পের মোটরে কাপড় পেঁচিয়ে রোজিনা বেগম (৩৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরপালং এলাকায় কীর্তিনাশা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোজিনা বেগম চরপালং গ্রামের ভ্যানচালক ইব্রাহিম সরদারের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইরি ব্লকে সেচ কার্যক্রম পরিচালনার জন্য নদীর তীরে বিদ্যুৎচালিত পাম্প স্থাপন করা হয়। সকালে ওই পথ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত রোজিনা বেগমের পরিহিত কাপড় পাম্পের মোটরে পেঁচিয়ে যায়। এতে তিনি দ্রুত মোটরের ভেতরে টেনে নেওয়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পাম্পে পেঁচানো অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের স্বজন বাদশা বেপারী অভিযোগ করেন, জনসাধারণের চলাচলের পথের ওপর ঝুঁকিপূর্ণভাবে পাম্প মেশিন স্থাপন করা হয়েছিল। নিরাপত্তা ব্যবস্থা হিসেবে পাম্পটি ঘেরাও বা সুরক্ষিত রাখার নিয়ম থাকলেও তা মানা হয়নি। ফলে এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
তবে ব্লক ম্যানেজার কাশেম মোল্লা দাবি করেন, পাম্পের চারপাশে পূর্বে বেড়া দেওয়া ছিল, যা দুর্বৃত্তরা খুলে নিয়ে যাওয়ায় সেটি উন্মুক্ত হয়ে পড়ে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









