ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন। গত ১ এপ্রিল যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় আহত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইরানের গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। খারাজি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ‘স্ট্র্যাটেজিক কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল রিলেশনস’-এর প্রধান ছিলেন।
মেহর ও ইসনা সংবাদ সংস্থা টেলিগ্রামে জানায়, এই অভিজ্ঞ কূটনীতিক ‘কয়েক দিন আগে আমেরিকান-জায়নবাদী শত্রুর চালানো একটি সন্ত্রাসী হামলায় আহত হয়েছিলেন’ এবং ‘আজ রাতে শহিদ হয়েছেন।’
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তেহরানে তার বাড়িতে চালানো ওই হামলায় তার স্ত্রীও নিহত হন।
কামাল খারাজি জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির শাসনামলে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
গণমাধ্যম আরও জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হামলায় নিহত হয়েছেন।
সূত্র: এএফপি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









