শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিশ্বকাপের দায়িত্ব পেলেন রেকর্ড সর্বোচ্চ রেফারি, আছেন নারী রেফারিও

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পিএম

আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পিএম

বিশ্বকাপের দায়িত্ব পেলেন রেকর্ড সর্বোচ্চ রেফারি, আছেন নারী রেফারিও

১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যার জন্য রেকর্ড ৫২ জন রেফারির তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে টানা দ্বিতীয়বার ছেলেদের বিশ্বকাপে দায়িত্ব পেলেন দুই নারী রেফারি। এ ছাড়া ৩ নারী সহকারী রেফারি এবং একজন নারী ভিডিও ম্যাচ অফিসিয়ালও মেগা টুর্নামেন্টটির জন্য নির্বাচিত হয়েছেন।

এর আগে ২০২২ কাতার আসর দিয়ে ছেলেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ম্যাচ পরিচালনার দায়িত্ব পান নারী রেফারিরা। সবমিলিয়ে ১২৯ জন ম্যাচ অফিসিয়ালের মধ্যে ৩ জন করে নারী রেফারি ও সহকারী রেফারিকে দায়িত্ব দেওয়া হয়। ২০২৬ বিশ্বকাপে প্রথমবার ৪৮ দল অংশ নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছে। ফলে বেড়েছে ম্যাচসংখ্যাও (১০৪)।একইভাবে ম্যাচ অফিসিয়ালের সংখ্যা বাড়িয়ে ১৭০ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আসন্ন মেগা টুর্নামেন্টের জন্য নারী রেফারি হিসেবে যুক্তরাষ্ট্রের টরি পেনসো এবং মেক্সিকোর কাটিয়া গার্সিয়াকে অন্তর্ভুক্ত করে গতকাল (বৃহস্পতিবার) ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করে ফিফা। 

উল্লেখ্য, পেনসো ২০২৩ সালের নারী বিশ্বকাপ ফাইনালের রেফারি ছিলেন। পুরুষদের বিশ্বকাপে নারী রেফারিদের অংশগ্রহণ এটি দ্বিতীয়বার। ফিফা জানিয়েছে, ‘তাদের গুণগত মানকে সর্বাগ্রে রাখার নীতির ভিত্তিতেই এই নির্বাচন করা হয়েছে।’

ফিফার রেফারিজ প্রধান পিয়ারলুইগি কোলিনা বলেছেন, ‘ছয়জন নারী ম্যাচ অফিসিয়াল নির্বাচিত হওয়া চার বছর আগে কাতারে শুরু হওয়া একটি ধারাবাহিকতারই অংশ। আমরা নারী রেফারিংকে আরও এগিয়ে নিতে চাই।’ 

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই সংস্থার তথ্যমতে– এবারের বিশ্বকাপে মোট ১৭০ জন ম্যাচ অফিসিয়াল থাকবেন, এর মধ্যে ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও রেফারি।

এদিকে, ২০২২ বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন এমন বেশ কয়েকজন রেফারিকে এবারও রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের দায়িত্ব পালন করা পোল্যান্ডের রেফারি সাইমন মার্সিনিয়াক। তবে তালিকায় নেই কঙ্গোর রেফারি জিন-জ্যাকস এনদালা। তিনি জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) বিতর্কিত ফাইনাল ম্যাচ পরিচালনা করেছিলেন, যেখানে অতিরিক্ত সময়ে সেনেগাল মরক্কোকে হারিয়েই শিরোপা জেতে। সেই ম্যাচ নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি।

আফকন ফাইনালের প্রায় দেড়মাস পর আফ্রিকান ফুটবল কর্তৃপক্ষ সেই ফল বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে। ম্যাচের মাঝে রেফারির সিদ্ধান্তের প্রতি ক্ষোভ জানিয়ে সেনেগালিজ ফুটবলারদের মাঠ ছেড়ে যাওয়ার ঘটনায় তাদের অযোগ্য বলে রায় দেওয়া হয়। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুইজারল্যান্ডভিত্তিক কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট-এ আপিল করেছে সেনেগাল। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই দেশই নিজেদের আফ্রিকান চ্যাম্পিয়ন দাবি করছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.