রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন গোরহাঙ্গা রেলক্রসিং ফ্লাইওভার এবং শালবাগান কাঁচাবাজার নির্মাণকাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গোরহাঙ্গা মোড় হতে শালবাগান পর্যন্ত ‘এ’ পার্ট এবং গোরহাঙ্গা হতে নিউমার্কেট পর্যন্ত ‘বি’ পার্টের কাজের অগ্রগতি এবং শালবাগান কাঁচাবাজার নির্মাণকাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
এ সময় সড়ক বন্ধ করে সড়কের একাংশের ওপর রাখা ঠিকাদারি প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় ইকুইপমেন্ট ও মালামাল আগামী সাত দিনের মধ্যে সরিয়ে রাস্তাটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করার নির্দেশ প্রদান করেন রাসিক প্রশাসক। এছাড়া নির্মাণাধীন ফ্লাইওভারসহ অসমাপ্ত কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
পরিদর্শন শেষে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজশাহী নগরীর উন্নয়ন ও নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। এই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে সচেষ্ট রয়েছি। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ৩০ দিনের ও ৯০ দিনের স্কিম গ্রহণ করা হয়েছে। ৩০ দিনের স্কিমের মধ্যে নগরীর ৩০টি ওয়ার্ডে ইতোমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও মশক নিয়ন্ত্রণে কার্যক্রম জোরদার করা হয়েছে।
রাসিক প্রশাসক বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তা বন্ধ করে রাস্তার ওপর ইকুইপমেন্ট ও মালামাল রেখেছে। এতে করে জনগণের চলাচলে বিঘ্ন ঘটছে। জনভোগান্তি দূর করতে আগামী সাত দিনের মধ্যে রাস্তার ওপর থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের ইকুইপমেন্ট ও মালামাল সরাতে নির্দেশ দিয়েছি।
তিনি আরও বলেন, নগরীর সৌন্দর্যবর্ধনে রেলগেট থেকে নওহাটা পর্যন্ত সড়কে বৃক্ষরোপণ করা হবে। রাজশাহী মহানগরবাসীকে সেবা দেওয়ার জন্য, মহানগরীকে বিশ্বদরবারে আরও সুন্দরভাবে তুলে ধরার জন্য এবং ক্লিন সিটি, গ্রিন সিটি গড়তে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার, আমি সব পদক্ষেপ গ্রহণ করব।
পরিদর্শনকালে ফুটপাত দখলমুক্ত করতে ফুটপাত-ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন রাসিক প্রশাসক।
পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









