বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

তিন ঘণ্টা বন্ধ পর, স্বাভাবিক ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পিএম

আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পিএম

তিন ঘণ্টা বন্ধ পর, স্বাভাবিক ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ট্রাকচালকদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে প্রায় তিন ঘণ্টা অবরোধের পর স্বাভাবিক হয়েছে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল।

বুধবার (৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে জৈনাবাজারে আহম্মদ সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে ট্রাক ও কাভার্ড ভ্যানের চালক-হেলপাররা মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকামুখী ও ময়মনসিংহমুখী উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার বাসযাত্রী, পণ্যবাহী যানবাহনের চালক এবং সাধারণ মানুষ।

প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভকারী চালকদের দাবি, মহাসড়কের পাশে তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকাকালে মাওনা হাইওয়ে থানার পুলিশ সদস্যরা তাদের ওপর চড়াও হন। এ সময় দুই থেকে তিনজন চালককে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। আহতদের মধ্যে একজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে চালকেরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান। তিনি বলেন, “চালকেরা মহাসড়কে তিন লাইনে যানবাহন দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করছিলেন। তাদের সরে যেতে বলা হলেও তারা নির্দেশনা মানেননি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।”

পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বিকেল সাড়ে পাঁচটার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

দীর্ঘ তিন ঘণ্টার এ অবরোধে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন আটকে পড়ে। এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছে। সন্ধ্যার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে আটকে পড়া যানবাহনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.