ফরিদপুরে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে এক বিধবা নারীকে (৪৩) আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।
জানা গেছে, গত ২ এপ্রিল সকালে অভিযুক্ত সুজন শেখ (৩৫) ওই নারীকে উপজেলা পরিষদে নেওয়ার কথা বলে রিকশায় করে শহরের দিকে নিয়ে যান। পরে পুরাতন বাসটার্মিনাল এলাকায় নামিয়ে হেঁটে একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে সেটিকেই অফিস বলে পরিচয় দেন। সেখানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়। চারদিন চিকিৎসা শেষে তিনি ৬ এপ্রিল বাড়ি ফেরেন। পরদিন (৭ এপ্রিল) তিনি থানায় মামলা করেন।
ভুক্তভোগী নারী জানান, প্রায় ১০ বছর আগে তার স্বামী মারা যান। এরপর থেকে মানুষের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করছেন। আর্থিক সংকটের কারণে সরকারি সহায়তা পাওয়ার আশায় তিনি অভিযুক্তের কথায় বিশ্বাস করে তার সঙ্গে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি প্রতারণার শিকার হন।
অভিযুক্ত সুজন শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









