বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ব্রিজের রেলিং ভেঙে খাদে ট্রাক, প্রাণে বাঁচলেন চালক-হেলপার

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম

আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম

ব্রিজের রেলিং ভেঙে খাদে ট্রাক, প্রাণে বাঁচলেন চালক-হেলপার

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে একটি মালবাহী ট্রাক খাদে উল্টে পড়ার ঘটনা ঘটেছে। ভয়াবহ এ দুর্ঘটনায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেলেও চালক ও হেলপার অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে মহাসড়কের টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বরিশালগামী একটি মালবাহী ট্রাক নীলখোলা ব্রিজ অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুহূর্তের মধ্যে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এতে ট্রাকটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা চালান। তারা আহত চালক ও হেলপারকে ট্রাকের ভেতর থেকে বের করে আনেন এবং স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। গুরুতর আঘাত না থাকায় তারা প্রাণে বেঁচে গেছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি যদি আরও জোরে আঘাত করত বা অন্য কোনো যানবাহন ওই সময় সেতুতে থাকত, তাহলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত। ফলে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়। স্থানীয়রা মহাসড়কের ঝুঁকিপূর্ণ অংশগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

আদনান/বরিশাল/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.