কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ১০ ও ১১ এপ্রিল কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি এলাকার দায়িত্বপূর্ণ স্থানে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় সিরাপ, গাঁজা এবং পাতার বিড়ি জব্দ করা হয়।
গত শুক্রবার (১০ এপ্রিল) জামালপুর বিওপি’র টহল দল জয়পুর মাঠপাড়া এলাকায় ৫০ বোতল ভারতীয় ট্রিপোলিডাইন ও কোডেইন ফসফেট সিরাপ, তেঁতুলবাড়ী বিওপি’র দল খাসমহল এলাকায় ৫ কেজি গাঁজা এবং শেওড়াতলা বিওপি’র দল কাজিপুর উত্তরপাড়া এলাকায় ১০০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে।
অপরদিকে শনিবার (১১ এপ্রিল) ভোর আনুমানিক ৪টার দিকে বিলগাথুয়া বিওপি’র টহল দল পূর্ব বিলগাথুয়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২,৪০০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে বিজিবি সবসময় সচেষ্ট। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নিয়মিত অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









