গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াত ও ১১ দলীয় জোট।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে শহরের টাউন মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহর প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয় মিছিলটি। এ সময় মিছিলে অংশ নেন জামায়াত ও ১১ দলীয় জোটের কয়েক হাজার নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্যে জামায়াত ও জোটের নেতারা বলেন, ‘বিএনপি বিগত দিনে মানুষের সাথে অপকর্ম করার কারণে ছাত্র জনতা রাজপথে যে প্রাণ দিয়েছে মানুষ কিন্তু এটা ভুলেনি। তাই এ দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চাই। তার জন্য এ গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর আমরা মনে করেছিলাম যে, দেশে সুশাসন নিশ্চিত হবে। একটি সুন্দর রাষ্ট্র গঠন হবে। কিন্তু বিএনপি নির্বাচনের পর তা করেনি।’
নেতারা আরো বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও বাংলাদেশে ৫ আগস্ট হবে। জুলাই নিয়ে তালবাহানা চলবে না। গণভোট যারা মানবে না তারা এ দেশের শত্রু। যদি কোন মুনাফিকরা রাজনীতি করতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ তাদের মেনে নেবে না। এ দেশের জনগণের রায়ের ওপর শ্রদ্ধা প্রদর্শন করতে যদি বিএনপি ব্যর্থ হয়, জনগণের রায় যদি তারা বৃদ্ধাঙ্গুল দেখায়, দেশের জনগণকে হাইকোর্ট দেখায়, তাহলে এ দেশের জনগণকে সাথে নিয়ে ১১ দলীয় ঐক্য জোট আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দাবি আদায় করবে।’
এ সময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবী আমীর মওলানা আজিজুর রহমান ও সহকারী সেক্রেটারি আব্দুল কাদির এবং আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









