বরিশালের গৌরনদী উপজেলায় হাইওয়ে পুলিশের চেকপোস্টে নিজেকে গোয়েন্দা পুলিশ (এসবি) সদস্য পরিচয় দেয় সাত্তার হোসেন নামের এক যুবক। পরে যাচাইয়ে ভুয়া প্রমাণিত হওয়ায় তাকে আটক করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর চেকপোস্ট সংলগ্ন ভুরঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাত্তার হোসেন উপজেলার পূর্ব বর্থী গ্রামের আব্দুল হাকিম মৃধার ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে খাঞ্জাপুর চেকপোস্টে ওভারস্পিডের কারণে একটি পিকআপ গাড়ি থামানো হয়। গাড়িটির বৈধ কাগজপত্র না থাকায় চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ সময় গাড়িতে থাকা সাত্তার হোসেন নিজেকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর সদস্য দাবি করে পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
গৌরনদী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাসার জানান, সাত্তারের কাছে তার দাবি অনুযায়ী বিপি নম্বর ও পরিচয়পত্র চাওয়া হলে তিনি তা প্রদর্শন করতে পারেননি। এতে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি ভুয়া পরিচয় দেওয়ার বিষয়টি স্বীকার করেন। এরপরই তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তবে এ বিষয়ে আটক সাত্তার হোসেন ভিন্ন দাবি করে বলেন, চেকপোস্টে গাড়ি থামানোর পর কাগজপত্র দেখিয়ে চলে যাওয়ার সময় আমাকে আবার থামানো হয়। আমি শুধু বলেছি আমি পুলিশ পরিবারের সদস্য, তবে নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেইনি। তারপরও আমাকে আটক করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









