জামালপুরে গণপরিবহনে হয়রানি ও অনিয়ম বন্ধ করে যাত্রীবান্ধব সেবার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এই মানববন্ধনের আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে ইয়েস দলনেতা উমর ফারুকের সভাপতিত্বে সনাক জামালপুরের সভাপতি শামীমা খান, সহ-সভাপতি এ. কে. এম. আশরাফুজ্জামান স্বাধীন, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ জলিল, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সহ-সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফজলে ইলাহী মাকাম, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, সনাক সদস্য মনোয়ারা খানম, রফিকুজ্জামান মল্লিকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, জামালপুরের গণপরিবহনের সেবা বিশেষ করে বাস সেবা মুষ্টিমেয় কিছু সুবিধাভোগীর দখলে রয়েছে। এর থেকে বের হয়ে আসতে হবে। সনাকের আন্দোলনের ফলে জামালপুরে বিআরটিসি বাস সার্ভিস চালু হলেও তাদের সেবা নিয়ে অভিযোগের শেষ নেই। জামালপুরের ২৬ লক্ষ মানুষ আর কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্পের বিষফোড়া এখানকার বাস সার্ভিস। টেকসই উন্নয়ন অর্জনের ক্ষেত্রে এটি বড় বাধা। জামালপুরে বাস এবং রেল সেবার ক্ষেত্রে এখন যে অব্যবস্থাপনা রয়েছে তা প্রতিরোধ করতে হবে এবং এ বিষয়ে সবাইকে উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









