বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পিএম

আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পিএম

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নারীসহ অন্তত ২৫ জন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের খালপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় গ্রামের কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

নিহত মোহন শেখ ওই গ্রামের মৃত মোতলেব শেখের ছেলে। আহতরা হলেন, মাধবপুর গ্রামের মাজেদ বিশ্বাস, আব্বাস, লিঙ্কন, ইসাহাক, আমিরুল, সাব্বির, মোশারফ, আসিক, মিন্টু সেখ, ফরিদুল, আসাদুল, শাকিল, আসাদ বিশ্বাস, ওয়াসিম, পিকুল সেখ, আরব আলী, হৃদয়, বিপ্লব, আশিকুজ্জামান, ফিরোজাসহ অনন্ত ২৫ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু জাহিদ চৌধুীরর সঙ্গে শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাতের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল বুধবার সন্ধ্যায় জাহিদের এক সমর্থককে মারধর করে সাদাতের লোকজন। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন উভয় পক্ষের নারীসহ অন্তত ২৫ জন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জাহিদের সমর্থক মোহন শেখকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ এমরান তন্নি বলেন, “মোহন শেখ নামে ওই ব্যক্তি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। আহতদের মধ্যে ১৫ জন  হাসপাতালে ভর্তি রয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে আব্বাস শেখ নামে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরে স্থানান্তর করা হয়েছে।”

নিহতের আত্মীয় তোফাজ্জল হোসেন বলেন, “মোহন শেখ সম্পর্কে আমার খালু। রাজনৈতিক বিরোধে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে এসে হত্যা করা হয়েছে। তিনি পেশায় কৃষক ছিলেন।”

এ বিষয়ে জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু জাহিদ চৌধুরী বলেন, “আমার সমর্থক মোহন শেখকে বাড়ি থেকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহতদের নিয়ে ব্যস্ত আছি এখন এর বেশি কিছু বলতে পারছি না।’

শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশারের মুঠোফোনে কল দিলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, “আধিপত্য বিস্তারের জেরে এই ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

বি/ঝি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.