ঝিনাইদহে ট্রাক চাপায় শাম্মী আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। কুষ্টিয়া থেকে স্বামীর সঙ্গে ঝিনাইদহ শহরে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন ওই নারী।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের আরাপপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাম্মী আক্তার কুষ্টিয়া জেলার মিনাপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে শাম্মী আক্তার তার স্বামীর সঙ্গে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় পথে আরাপপুর জামতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান শাম্মী আক্তার। ওই সময় পেছন থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, “মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। পারিবারিকভাবে মরদেহ দাফন করা হবে বলে জানতে পেরেছি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









