পিরোজপুরের জিয়ানগরে ভ্রাম্যমান আদালত একজন ভুয়া ডিগ্রিধারী ডাক্তারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও ৩০ দিনের সাজা প্রদান করেন।
মঙ্গলবার জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মো: হাফিজুর রহমান এই অভিযান পরিচালনা করেন। বেশ কিছুদিন ধরে একজন ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছে এমন অভিযোগের ভিত্তিতে সরকারি ইন্দুরকানী কলেজ মোড় সংলগ্ন একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রী ব্যতীত এম. এ. আকবর (৩৭), পিতাঃ শামসের আলী, গ্রামঃ চক পৈলানপুর, ডাকঃ পাবনা সদর, উপজেলাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা কর্তৃক ডাক্তার পদবী ব্যবহার করে টিউমার, ক্যান্সর, বন্ধ্যাত্ব, হৃদরোগ, হার্ডব্লক, কিডনি পাথর, পিত্ত পাথর ইত্যাদি বিষয়ে চিকিৎসা প্রদান করার বিষয়টি উৎঘটিত হয়।
এছাড়াও ঢাকা হোমিও ক্লিনিক নাম ব্যবহার করে স্থানীয় বিভিন্ন ব্যক্তিদেরকে QUANTUM RESONACE MAGNETIC ANALYZER ডিভাউস ব্যবহার করে সকল ধরনের পরিক্ষা নীরিক্ষার ভুয়া তথ্য ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান কালে এবং তার সহযোগি রতন কুমার শীল (৪০), পিতাঃ মৃত ভূবন চন্দ্র শীল, গ্রামঃ ইন্দুরকানী, ডাকঃ ইন্দুরকানী, উপজেলাঃ জিয়ানগর, জেলাঃ পিরোজপুর-কে ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে আটক করা হয়। আটককালে অনুমোদন বিহীন হোমিও ঔষধ প্রদানের মাধ্যমে জনগণকে ভুল চিকিৎসা দেওয়ার এবং জ্বালিয়াতির মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় এবং স্বাস্থ্যহানির বিষয়টি প্রমাণিত হয়। অধিকান্ত সহযোগি রতন কুমার শীল (৪০) কর্তৃক গ্রামের সহজ সরল মানুষের নিকট প্রতারণার মাধ্যমে গ্রিন কার্ডে সুবিধা প্রাপ্তির প্রলভোন দেখিয়ে নগদ অর্থ সংগ্রহের প্রমাণ পাওয়া যায়।
এসময় উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আসামীদের দোষ স্বীকারোক্তিতে এম. এ. আকবর কে (পঞ্চাশ হাজার) টাকা অর্থ দন্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং রতন কুমার শীল কে ৯০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনার সময় জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা: পারভীন ও জিয়ানগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









