পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে একটি সুযোগ সামনে এসেছে। সেই সুযোগ কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন করতে চাই। এজন্য জনগণের একটু সহায়তা ও সমর্থন প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘আগামী দিনে যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে বিএনপি অবশ্যই রাষ্ট্রক্ষমতায় যাবে। এ দেশে উন্নয়নের অগ্রযাত্রা বিএনপিই শুরু করেছিল। সেই ধারাবাহিকতা ধরে রাখতে জনগণের সমর্থন দরকার ‘
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কলাপাড়া প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজক সচেতন নাগরিক সমাজ।
এতে সভাপতিত্ব করেন কলাপাড়ার জ্যেষ্ঠ নাগরিক রাখাইন লুফ্রু মাস্টার। বক্তব্য রাখেন- কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, লুৎফর রহমান তালুকদার, অধ্যাপক ড. কামরুজ্জামান মনির, মো. নজিবর রহমান, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল আলম, কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, ব্যাংকার মো. আব্দুর রব, স্থপতি ইয়াকুব খান, সাংবাদিক মুহিবুল্লাহ মহিব, তানজিল জামান জয়, রাসেল কবির মুরাদ, রাসেল মোল্লা, রুমান ইমতিয়াজ তুষার, কাজী সাইদ, জহিরুল ইসলাম মিরন, ব্যবসায়ী দিলীপ কুমার হাওলাদার, সংগঠক রেজাউল করিম বাবলা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব সংগঠক রোকনুজ্জামান পান্নু। এ সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এবিএম মোশাররফ হোসেনের কর্মময় জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন।
কাওছার/ন্যাশনাল/এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









