বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ কেজি গাঁজাসহ একটি বালুভর্তি ট্রাক জব্দ এবং এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে ডিবির একটি দল বগুড়া সদর থানার অন্তর্গত বগুড়া-রংপুর মহাসড়কের টিএমএসএস ‘ছ’ মিল অ্যান্ড উডেন ফার্নিচার সেকশনের উত্তর পাশে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় রংপুর থেকে বগুড়াগামী একটি বালুভর্তি ট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ট-১৬-৯২৭৬) থামানো হয়।
ট্রাকটির চালক মো. রবিউল ইসলাম (২৫), পিতা- মো. মামুন আকন্দ, গ্রাম- কৃষ্ণপুর, থানা- ফুলবাড়ী, জেলা- দিনাজপুরকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ট্রাকটি তল্লাশি করে বালুর ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে যথাক্রমে ২৫ কেজি, ২৫ কেজি ও ৩০ কেজি—মোট ৮০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ট্রাকসহ উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









