বগুড়ার সদর উপজেলায় র্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে ৩১ গ্রাম হিরোইন ও ৯ পিস ইয়াবাসহ মোছা. আখি খাতুন (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করে সিপিএসসি বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসা, ছিনতাই, খুন, পাচার ও অপহরণসহ নানা অপরাধে জড়িতদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার পুরান বগুড়া দক্ষিণপাড়া এলাকায় সিপিএসসি বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালায়। অভিযানে মো. বেলাল শেখের বাড়ির ভাড়াটিয়া মোছা. আখি খাতুনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩১ গ্রাম হিরোইন ও ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি সিমসহ মোবাইলফোন জব্দ করা হয়েছে।
আটককৃত আসামিকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









