ফরিদপুরের সদরপুর উপজেলায় গোখরা সাপের ছোবলে আহত হয়ে সাপসহ হাসপাতালে চিকিৎসা নিতে উপস্থিত হয়েছেন রিপন শিকদার (৩৫) নামে এক যুবক। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাসিন্দা ও পেশায় দোকানদার রিপন শিকদার দুপুরের দিকে নিজ দোকানে একটি বয়ামে হাত দেওয়ার সময় ভেতরে লুকিয়ে থাকা বিষধর গোখরা সাপ তাকে ছোবল দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় সাপটি ধরা হয় এবং রিপনকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সাপটিও সঙ্গে নিয়ে হাসপাতালে আসেন তিনি, যাতে চিকিৎসকরা দ্রুত সঠিক ব্যবস্থা নিতে পারেন।
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতালে আনার পরপরই রিপন শিকদারকে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. এফতেখার জানান, সময়মতো হাসপাতালে আনার কারণে রোগীর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে পরবর্তী কয়েকঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









