ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক পাঁচবারের সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টায় ঢাকায় অবস্থিত জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোসলেম উদ্দিন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রাক্তন গণপরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৬ থেকে ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে মোসলেম উদ্দিনকে জাপান- বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়।
মোসলেম উদ্দিনের ছেলে ইমদাদুল হক সেলিম বলেন, “ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ যোহর তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে, বিকেল ৩টায় ফুলবাড়ীয়া সরকারি হাই স্কুল মাঠে, বিকেল ৫টায় আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে নিউগী কুশমাইল নিজবাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









