২৩ ঘণ্টা সচল থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের উৎপাদন আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিটটি মেরামত করে শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টা থেকে বিদ্যুৎ উৎপাদনে যায়। ২৩ ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনে থাকার পর শনিবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার কিছু আগে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে আবারও বন্ধ হয়ে যায়।
সোমবার (৪ মে) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, ‘‘বয়লারের টিউবে ত্রুটির কারণে চলমান ১ নং ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। বন্ধের আগে ১ নং ইউনিট থেকে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছিল।’’
উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাখনি থেকে উত্তোলিত কয়লার ব্যবহার নিশ্চিত করতে ২০০৬ সালে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ করা হয়। প্রথমে ১নং ও ২নং পৃথক দুইটি ইউনিট নির্মিত হয়। ইউনিট দুটির প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে। পরে ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩ নং ইউনিট নির্মাণ করা হয়। বিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে কখনোই পূর্ণ ক্ষমতায় অব্যাহতভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









