জামালপুরের বকশীগঞ্জে পরীক্ষা কেন্দ্রে নকল করার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে বহিষ্কার হয়েছেন এক দাখিল পরীক্ষার্থী।
মঙ্গলবার (৫ মে) দুপুরে হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিস্কৃত পরীক্ষার্থীর নাম বৃষ্টি আক্তার। সে আইরমারী দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিল।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব রফিকুল ইসলাম।
জানা গেছে, মঙ্গলবার হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজী প্রথম পত্র পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময়ে নকল করা শুরু করেন বৃষ্টি আক্তার। ওই পরীক্ষার্থীর নকল করার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়লে উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনকে অবগত করেন।
ইউএনও তাৎক্ষণিকভাবে পরীক্ষার কেন্দ্র সচিব রফিকুল ইসলামকে ওই পরীক্ষার্থীকে বহিস্কারের নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, কোনো পরীক্ষার্থী নকল করে পার পেয়ে যাবে এমন সুযোগ আর নেই। নকল বা অসদাচরণ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









