নারায়ণগঞ্জের বন্দরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় কুড়িপাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন সদর-বন্দর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
বুধবার (৬ মে) বেলা ১১টায় উপজেলার ধামগড় ইউনিয়নের কুড়িপাড়া এলাকায় খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, বন্দর থানা পুলিশের অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, বিএনপি নেতা আসাদুজ্জামান বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম বলেন, “মানুষ ভালোবেসে ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন। বর্তমান সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। ইতোমধ্যে ইশতেহার অনুযায়ী খাল খননসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথেই এগোচ্ছে বিএনপি সরকার।”
তিনি আরো বলেন, “প্রকল্পটি বাস্তবায়িত হলে খাল সংলগ্ন আবাদি জমিতে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং সেচ কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৪ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি স্থানীয় অতিদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









