কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালামকে (৪৩) দুই যুগেরও বেশি সময় পর আটক করা হয়েছে।
সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে ঢাকার শাহজাহানপুরে অবস্থিত র্যাব-৩ এর সহযোগিতায় তাকে আটক করে পাকুন্দিয়া থানা-পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আবুল কালাম উপজেলার চরলক্ষীয়া গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর যাবত পলাতক ছিলেন।
পুলিশ জানায়, গত তিন মাস যাবত আসামি আবুল কালামের গতিবিধি লক্ষ করছিল পাকুন্দিয়া থানা পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকায় তার অবস্থান নিশ্চিত করা হয়। পরে ঢাকার শাহজাহানপুরে অবস্থিত র্যাব-৩ এর সহযোগীতায় পাকুন্দিয়া থানার এএসআই সঞ্জয় কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে গভীর রাতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
উল্লেখ্য, ২০০১ সালের সেপ্টেম্বর মাসে উপজেলার চরলক্ষীয়া গ্রামের আবুল কালামের সাথে একই গ্রামের সোহেল (১৪) এর কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে কালাম সোহেলকে গলায় ছুড়িকাঘাত করলে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই কালাম পলাতক ছিল।
এ ঘটনায় নিহতের বড় ভাই আজিজুল হক জজ মিয়া বাদী হয়ে কালামকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২০১০ সালে কালামকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আরিফুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “একটি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিকে এত বছর পর আটক করা পাকুন্দিয়া থানা পুলিশের একটি বড় সাফল্য। দীর্ঘ ২৫ বছর যাবত আত্নগোপনে ছিল সে। সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









