রাজশাহী শহরের বহরমপুরের আজিজ শেখ (৫৮) নামে এক ব্যক্তি সোমবার (১১ মে) সকাল থেকে নিখোঁজ রয়েছেন।
বুধবার (১৩ মে) সকালে বহরমপুরস্থ নিজ বাসভবনে আজিজ শেখের সন্ধান চেয়ে তার পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে তার স্ত্রী একটি বেসরকারি নার্সিং কলেজের অধ্যক্ষ তাসলিমা খাতুন জানান, আজিক শেখ পবা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কার্যালয়ের হিসাব রক্ষক ছিলেন। তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা এবং উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। মুখে সাদা দাড়ি আছে। হারানোর সময় তার পরনে ছিল মেরুন রংয়ের ফতুয়া গ্রামীন চেকের ট্রাউজার। তিনি মুখে কথা বলতে পারেন না। তিনি ভোলা রোগে আক্রান্ত। সে কোনো কিছুই মনে রাখতে পারে না। এই রোগের কারণে তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন।
তিনি বলেন, “প্রতিদিন কলেজে যাওয়ার পূর্বে তিনি তার স্বামীকে সঙ্গে নিয়ে বহরমপুর রেললাইন সংলগ্ন চায়ের দোকানে নামিয়ে দিয়ে চলে যান। তার স্বামী চা পান করে প্রতিদিন বাড়ি চলে আসেন। সেদিনও তিনি ৮টা ৫০ মিনিটের দিকে তাকে একইস্থানে নামিয়ে দিয়ে কর্মস্থলে চলে যান। এরপর ১৫ থেকে ২০ মিনিট পরে তিনি জানতে পারেন তার স্বামী বাড়িতে ফেরেননি।”
সেই থেকে তিনি এবং তার পরিবারের সদস্যরা শহর, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার খোঁজ পাননি বলে উল্লেখ করেন। এছাড়াও মঙ্গলবার থেকে তার সন্ধান চেয়ে শহরসহ বিভিন্ন স্থানে মাইকিং করছেন।
তিনি জানান, তাদের কোনো শত্রু নেই। এরপরেও এটা কীভাবে হলো বুঝে উঠতে পারছেন না। যদি কেউ তাকে অপহরণ করেও থাকে তাহলে তাদেরকে মোবাইলে জানানোর জন্য অনুরোধ করছেন। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা করে তার স্বামীকে ফেরত নিয়ে আসবেন বলে আকুতি জানান।
কোন সহৃদয় ব্যক্তি তার খোঁজ পেলে অনুগ্রহ করে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তাসলিমা খাতুন। সন্ধানকারীকে পুরস্কৃত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
যোগাযোগের ঠিকানা: বহরমপুর ডিবি আনোয়ারা প্রাইমারি স্কুল সংলগ্ন। মোবাইল নম্বর: ০১৭১৮-৩০৮০৬৫।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আজিজ শেখের মেয়ে তাসমিয়া খাতুন, বোন ইসমোতারা খাতুন এবং নাতনি নাইস খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









