গোপালগঞ্জের কোটালীপাড়ায় তিনদিনব্যাপী সুকান্ত মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
বুধবার (১৩ মে) বিকেলে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী এবং গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান।
গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
সুকান্ত মেলা উপলক্ষে গ্রামীণ সংস্কৃতির মেলার আয়োজন করা হয়। মেলার মাঠজুড়ে বসানো হয়েছে বিনোদনমূলক বিভিন্ন স্টল ও বাহারি খাবারের দোকান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরে সন্ধ্যায় কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিকে ঘিরে মোমবাতি প্রজ্বলন করা হয়। আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে কোটালীপাড়া উদীচী ও শিল্পকলার উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কবি সুকান্তের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের প্রভাষক প্রিন্স আহমেদ।উল্লেখ্য কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।
১৯২৬ সালের ১৫ আগস্ট তিনি তার মাতামহের বাড়ি কলকাতার কালীঘাটের ৪৩, মহিম হালদার স্ট্রীটের বাড়িতে জন্মগ্রহণ করেন। এক নিম্নবিত্ত পরিবারে জন্ম। তার পৈতৃক বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার অন্তর্গত ঊনশিয়া গ্রামে।
দুরারোগ্য ক্ষয়রোগে আক্রান্ত হয়ে ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে কলিকাতার ১১৯ লাউডন স্ট্রিটের রেড এড কিওর হোমে মৃত্যুবরণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









