নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনাঘাট এলাকায় জেরা বিদ্যুতকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে।
শনিবার (১৬ মে) সকাল ১০টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন (২৫) মারা যায়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আমিরের শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ ছিলো। গুরুতর অবস্থায় তিনি গত কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শঙ্কর (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে আরও চারজন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৩ মে বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকার মেঘনাঘাটের জেরা বিদ্যুতকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোট ১২ জন দগ্ধ হন। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হলে তাদের মধ্যে ছয়জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান। বাকি ছয়জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় দুইজন মৃত্যু বরন করেন।
বিস্ফোরনের ঘটনায় দগ্ধ ও আহত ব্যক্তিরা হলেন—মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), নাজমুল আলম খান (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), মো. আমির (২৫), শংকর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









