রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চাঁদাবাজির অভিযোগে নবাবগঞ্জে দুই ছাত্রদল নেতা বহিষ্কার

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৩:২২ পিএম

আপডেট: ১৭ মে ২০২৬, ০৩:২২ পিএম

চাঁদাবাজির অভিযোগে নবাবগঞ্জে দুই ছাত্রদল নেতা বহিষ্কার

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়নের বড় তেতুলিয়া গ্রামে ধান কাটার হারভেস্টার মেশিন থেকে চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। অভিযোগের সত্যতা পাওয়ায় স্থানীয় দুই ছাত্রদল নেতাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ মে রাতে বড় তেতুলিয়া গ্রামে ধান কাটার কাজে ব্যবহৃত একটি হারভেস্টার মেশিনের চালকের কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে কয়েকজন ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এলাকাবাসী ও কৃষকেরা জানান, বর্তমানে শ্রমিক সংকট, বৈরী আবহাওয়া এবং ধান কাটার অতিরিক্ত চাপ নিয়ে কৃষকরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। এর মধ্যেই হারভেস্টার মেশিনকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ কৃষকদের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ বাড়িয়ে দিয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংশ্লিষ্টদের সরিয়ে নেয়।

ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে উপজেলা ছাত্রদল বিষয়টি তদন্ত করে।

তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় শালখুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ইমন হোসেন ও সাধারণ সম্পাদক আল-আমিনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল বলেন, “দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ড ছাত্রদল সমর্থন করে না। চাঁদাবাজি, অনিয়ম কিংবা সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টির মতো অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ন/ন/কাও

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.