অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের বকেয়া অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ একসঙ্গে পরিশোধের উদ্যোগ নিয়েছে সরকার। আগামীকাল শনিবার (১৫ আগস্ট) দেশের ৬৪ জেলায় একযোগে এসব অর্থ শিক্ষকদের ব্যাংক হিসাবে পাঠানোর কথা রয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ভেরিফায়েড ফেসবুক পেজে তার প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ সুবিধার বকেয়া পরিশোধে এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, দীর্ঘ চার বছর ধরে জমে থাকা শিক্ষকদের বকেয়া পরিশোধের জট কাটাতে সরকার এ উদ্যোগ নিয়েছে। এর ধারাবাহিকতায় দেশের ৬৪ জেলায় একযোগে ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হবে।
সরকারের এ উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা বেসরকারি শিক্ষকরা তাদের পাওনা অর্থ পাওয়ার সুযোগ পাচ্ছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









