মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ নিজেদের মধ্যে সংঘর্ষে সাত মার্কিন সেনার মৃত্যু হয়েছে ইরানের একটি সংবাদমাধ্যমের এমন দাবি পুরোপুরি মিথ্যা বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, রণতরীতে এমন কোনো ঘটনাই ঘটেনি। ইরান ইচ্ছাকৃতভাবে এই মিথ্যা তথ্য ছড়িয়েছে বলেও দাবি করেছে তারা।
তবে গত ৩ আগস্ট রণতরীটির এক নাবিক সাগরে পড়ে গিয়েছিলেন। পরে তাঁকে দ্রুত ও নিরাপদে উদ্ধার করা হয় বলে জানিয়েছে সেন্টকম।
সাত সেনার মৃত্যুর খবরটি গুজব হলেও দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় রণতরীটির প্রায় ৫ হাজার সদস্য কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাধারণত তাঁদের ছয় মাস সমুদ্রে থাকার কথা থাকলেও প্রায় নয় মাস ধরে তাঁরা টানা দায়িত্ব পালন করছেন। গত ডিসেম্বরের পর থেকে রণতরীটি আর কোনো বন্দরে থামতে পারেনি।
মার্কিন কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন সমুদ্রে থাকার কারণে রণতরীটির ভেতরের পরিবেশও খারাপ হয়ে উঠেছে। শৌচাগার নষ্ট, গরম পানির সংকট এবং তাজা ও পুষ্টিকর খাবারের অভাব রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
টানা ২০০ দিনের বেশি সময় সমুদ্রে অবস্থান এবং প্রতিকূল পরিবেশের কারণে নাবিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ধরে এমন কঠিন পরিবেশে দায়িত্ব পালন করলে যেকোনো সামরিক সদস্যের মানসিক চাপ ও মনোবল ক্ষতিগ্রস্ত হওয়া স্বাভাবিক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









