সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে এখনো বঞ্চিত ৮১৭ জন প্রার্থী রয়েছেন। তাদের ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এখন পর্যন্ত প্রাথমিকের নিয়োগ থেকে বঞ্চিত ৮১৭ জন বাকি আছেন। তারা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন। যারা পাবেন না, তাদের নিয়েও কাজ করা হবে।
এর আগে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত যেসব প্রার্থী নিয়োগপত্র পাননি, তাদের নিয়োগপত্র দেওয়া শুরু হয়। এরই মধ্যে রংপুর, সিরাজগঞ্জ, পাবনা ও খুলনায় বেশ কয়েকজন প্রার্থী নিয়োগপত্র পেয়েছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, ধাপে ধাপে নিয়োগপত্র প্রকাশ করা হচ্ছে। রংপুরে প্রথম ধাপে যাদের নিয়োগপত্র ওয়েবসাইটে প্রকাশিত হয়নি, দ্বিতীয় ধাপে তাদের নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। সিরাজগঞ্জেও দ্বিতীয় ধাপে নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে।
খুলনা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম জানিয়েছিলেন, নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। তিনি সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে বলেন, সবাই নিয়োগপত্র পেয়ে যাবেন।
নিয়োগপত্র পাওয়ার দাবিতে রোববার (২৭ সেপ্টেম্বর) দিনভর অবস্থান কর্মসূচি পালন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। দাবি পূরণ না হলে সোমবার সকাল ১০টা থেকে আবারও শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









