কথায় বাঘের মতো দৃঢ় অবস্থান নিলেও পর্দায় যেন সেই ছাপ রাখতে পারছেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। একের পর এক ব্যর্থতার ধারাবাহিকতায় এবারও ব্যতিক্রম হলো না। মুক্তির প্রথম দিনেই মুখ থুবড়ে পড়েছে তার নতুন সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’।
শুক্রবার (১২ জুন) মুক্তির দিন দেশজুড়ে ২,১৮১টি স্ক্রিনে মুক্তি পেয়েও বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি ছবিটি। প্রথম দিনে আয় করেছে মাত্র ১.১৯ কোটি টাকা, যা প্রত্যাশার তুলনায় অনেক কম।
সিনেবাজারের গ্রাফ অনুযায়ী, এনসিআর-এ ছবির জন্য সবচেয়ে বেশি সংখ্যক শো (২৮১টি) বরাদ্দ ছিল। পাশাপাশি মুম্বাইয়ে ১৬৭ এবং আহমেদাবাদ ১৪৩টি শো পেয়েছে কঙ্গনার ছবি।
প্রথম দিন ‘ভারত ভাগ্য বিধাতা’র হিন্দি টুডি সংস্করণে সকালের শোয়ে ৩.৭৭ শতাংশ, বিকেলের শোয়ে ১২ শতাংশ এবং সন্ধ্যার শোয়ে ১০.৫৪ শতাংশ দর্শক ভিড় জমিয়েছিলেন। এ গ্রাফ বলে দেয় যে, কঙ্গনার সিনেমায় মন নেই দর্শকমহলের।
সন্ত্রাসবাদী হামলায় হাসপাতালের নার্সদের সাহসিকতার ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে ‘ভারত ভাগ্য বিধাতা’। এতে কঙ্গনাকে দেখা গেছে সেবিকার চরিত্রে।
সিনেমা হলে কঙ্গনার এই বেহাল দশা অর্ধ যুগ ধরে। এর আগের সিনেমা ‘ইমার্জেন্সি’ও অভিনেত্রীর প্রত্যাশার পারদ ছুঁতে পারেনি। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে
নিয়ে নির্মাণ করা হয় ছবিটি। ইন্দিরার চরিত্রে কঙ্গনাকে দেখা গিয়েছিল। কিন্তু বক্স অফিসে লাভের গুড় আনতে পারেনি। কঙ্গনার ‘ভারত ভাগ্য বিধাতা’যেন ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









