বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বাচশিস) ২০২৬–২৮ মেয়াদের নির্বাচনে দুপুরের বিরতির সময় ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ভোটকক্ষের ভেতরে কয়েকজন অবস্থান করছিলেন বলে অভিযোগ করেন আরমান–মুক্তি প্যানেলের প্রার্থী ও সমর্থকেরা।
সাধারণ সম্পাদক প্রার্থী রুমানা ইসলাম মুক্তি অভিযোগ করেন, বিরতির সময় ভোটকক্ষে লোক রেখে বাইরে থেকে তালা দেওয়া হয়েছে, যা নির্বাচনী বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
একই অভিযোগ করেন অভিনেতা আবির চৌধুরী। তিনি ইতোমধ্যে দেওয়া ভোট পুর্নগণনা করে পুনরায় ভোটগ্রহণ শুরুর দাবি জানান।
তবে নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু অভিযোগ নাকচ করে বলেন, ভোটকক্ষের সব কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে পর্যবেক্ষণে থাকায় অনিয়মের কোনো সুযোগ নেই।
এদিকে ভোটকক্ষ থেকে বের হওয়া এক নিরাপত্তাকর্মী বলেন, আমি ওয়াশরুমে গিয়েছিলাম। গেটে তালা দিয়ে দেওয়া হবে, সেটা বুঝতে পারিনি।
শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। ৫৭৩ জন ভোটার তাদের ভোটে আগামী দুই বছরের জন্য শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। পাশাপাশি নতুন সদস্য অন্তর্ভুক্তি নিয়েও বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









