মুম্বাইয়ে একটি পোশাক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে পাপারাজ্জিদের এক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বলিউড অভিনেত্রী জারিন খান। ব্যক্তিগত মর্যাদার সীমা অতিক্রম করা কোনো মন্তব্য তিনি মেনে নেবেন না বলে জানিয়ে দেন।
সোমবার (১৩ জুলাই) মুম্বাইয়ে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জারিন খান। সেখানে ব্র্যান্ডের নতুন কালেকশনের ডেনিম জ্যাকেট ও পোশাক হাতে নিয়ে আলোকচিত্রীদের সামনে পোজ দিচ্ছিলেন তিনি।
এ সময় এক আলোকচিত্রী মজা করে বলেন, ‘ড্রেসটা পরে দেখান।’ মন্তব্যটি শুনে বিরক্তি প্রকাশ করে জারিন বলেন, ‘আপনাদের সামনে? সেটা হবে না।’
এরপর আলোকচিত্রীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে এ ধরনের বাজে কথা বলবেন না। আমি এমন মানুষ নই, যে এসব সহ্য করবে। সবাই নিজের সীমার মধ্যে থাকুন।’
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই জারিন খানের প্রতিক্রিয়াকে সমর্থন জানিয়েছেন। অনেকে মন্তব্য করেন, নিজের সম্মান রক্ষায় তার প্রতিবাদ যথার্থ ছিল এবং এ ধরনের আচরণের বিরুদ্ধে কথা বলা প্রয়োজন।
২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় জারিন খানের। ছবিটি বক্স অফিসে বড় সাফল্য না পেলেও তার উপস্থিতি আলোচনায় আসে। সে সময় তার চেহারার সঙ্গে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মিল নিয়েও অনেক আলোচনা হয়েছিল।
পরে সালমান খানের সঙ্গে ‘রেডি’ ছবির জনপ্রিয় গান ‘ক্যারেক্টার ঢিলা’-তে দেখা যায় তাকে। এরপর ‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ৩’, ‘আকসার ২’, ‘১৯২১’ এবং পাঞ্জাবি ছবি ‘জাট জেমস বন্ড’ সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি।
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম ভি আকেলে তুম ভি আকেলে’ ছবিতে সর্বশেষ বড় পর্দায় দেখা যায় জারিন খানকে। এরপর চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









