২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে এ ধাপের আবেদন শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ৫ থেকে ৭ অক্টোবর।
সোমবার (২১ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় ধাপে আবারও আবেদন নেওয়া হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে।
শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটের মাধ্যমে দ্বিতীয় ধাপের আবেদন করতে হবে।
যারা আবেদন করতে পারবেন
বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় ধাপে আবেদন করার সুযোগ পাবেন—
যারা এর আগে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেননি;
আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি;
চূড়ান্ত মনোনয়ন পেয়েও নির্ধারিত সময়ে নিশ্চায়ন করতে পারেননি;
চূড়ান্ত মনোনয়ন পেয়েও সময়মতো কলেজে ভর্তি হতে পারেননি;
চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু ভুল কোটা নির্ধারণের কারণে কলেজে ভর্তি হতে পারেননি।
পছন্দ দেওয়া যাবে ৫ থেকে ১০ কলেজে
দ্বিতীয় ধাপে শিক্ষার্থীদের কলেজের আসনসংখ্যা বিবেচনায় নিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে হবে।
এ ছাড়া কোটার ক্ষেত্রে যোগ্যতা যথাযথভাবে যাচাই করে আবেদন করার জন্য শিক্ষার্থীদের সতর্ক করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
দ্বিতীয় ধাপের সময়সূচি
অনলাইন আবেদন: ২৭–২৮ সেপ্টেম্বর, রাত ৮টা পর্যন্ত
নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ: ১ অক্টোবর, রাত ৮টা
নির্বাচন নিশ্চায়ন: ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর, রাত ৮টা পর্যন্ত
দ্বিতীয় মাইগ্রেশনের ফল: ৪ অক্টোবর, রাত ৮টা
দ্বিতীয় ধাপে: ভর্তি ৫–৭ অক্টোবর
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
প্রথম ধাপে নির্বাচিত না হলে আবেদন ফি লাগবে না
প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তবে ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ নির্বাচন বা পছন্দক্রম সম্পাদন করতে হবে।
অন্যদিকে, দ্বিতীয় ধাপে কোনো কলেজে নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দিতে হবে। এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









