সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদ থেকে কোনো চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আখতার আহমেদ বলেন, “এ বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি আমরা পাইনি। চিঠি এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী এ বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল। তবে আইন অনুযায়ী সংসদ থেকে কোনো চিঠি না এলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।”
এর আগে গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে আলোচনায় আসেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। পরে নৈতিক স্খলনের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। একই সঙ্গে তার বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে সংসদ ও নির্বাচন কমিশনে চিঠি দেয় দলটি।
এর মধ্যে রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে ওই ঘটনায় রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে পুলিশ হেফাজতে নেয়। একই রাতে মরিয়মের বাবা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









