ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় তাদের জীবনের নতুন অধ্যায়ের ঘোষণা দিয়েছেন। বিয়ের দুই বছর পর প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন এই তারকা দম্পতি।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে তিনটি ছবি প্রকাশ করে সুখবরটি জানান তারা। ছবিগুলোতে সাদা কুর্তি ও খোলা চুলে লাল ফুল গোঁজা সাজে দেখা যায় সোহিনীকে। ছবিতে তার বেবিবাম্পও স্পষ্ট। অন্যদিকে আকাশি রঙের পাঞ্জাবিতে ছিলেন শোভন।
ছবির ক্যাপশনে তারা লিখেছেন, ‘আমরা দুই থেকে তিনের পথে।’ এরপরই ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভরে যায় মন্তব্যের ঘর।
অভিনেত্রী অলিভিয়া সরকার লিখেছেন, ‘আমি আনন্দে চিৎকার করছি। তোমাদের দুজনকেই অনেক ভালোবাসা।’ অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় লিখেছেন, ‘অনেক ভালোবাসা, দিদি।’ এছাড়া মিমি চক্রবর্তী, শ্রীময়ী চট্টরাজ, ঋদ্ধিমা ঘোষ ও অনিন্দিতা রায়চৌধুরীসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই দম্পতিকে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ জুলাই ঘরোয়া আয়োজনে বিয়ে করেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রেখেছেন তারা।
চলতি বছরের জুনে সোহিনীর মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও তখন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তারা। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমেই আনুষ্ঠানিকভাবে সেই সুখবর জানালেন এই তারকা দম্পতি। পশ্চিমবঙ্গের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছরই তাদের প্রথম সন্তানের জন্ম হওয়ার কথা।
সম্প্রতি সোহিনীকে ‘ফেরা’ সিনেমায় দেখা গেছে। মাতৃত্বের কারণে আপাতত অভিনয় থেকে বিরত রয়েছেন তিনি এবং নতুন কোনো কাজও হাতে নিচ্ছেন না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









