দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে একটি দক্ষ ও পেশাদার বাহিনীতে গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ও পেশাদার করতে সরকার ইতোমধ্যে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও তিনি জানান।
দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং দুর্নীতি দমন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারগুলোর একটি। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও পেশাদার ও জবাবদিহিমূলক করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, স্বৈরাচারী শাসনামলে প্রতি বছর দেশ থেকে প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে সরকার দেখেছে। এই ধরনের দুর্নীতি যেকোনো উপায়ে নিয়ন্ত্রণে আনতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষ—কৃষক, শ্রমিক, শিক্ষক কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী—দিন শেষে নিরাপদে বাড়ি ফিরতে এবং পরিবার নিয়ে নিরাপদে বসবাস করতে চান। সেই প্রত্যাশা পূরণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দক্ষ ও পেশাদার করে গড়ে তোলা হবে বলে তিনি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









