সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় খাবারে মেয়াদ না থাকা, খাবার তৈরীর পরিবেশ ভালো না থাকা সহ অন্যান্য কারণে তিন বেকারী প্রতিষ্ঠানকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদরে নকিপুর গ্রামের নিউ সুন্দরবন বেকারী ও রয়েল ফুডস এন্ড বেকারী এবং নুরনগর বাজারের সোনার বাংলা বেকারীকে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। এ সময় শ্যামনগর থানা পুলিশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে প্রকাশ, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় নকিপুর গ্রামের নিউ সুন্দরবন বেকারী ও রয়েল ফুডস এন্ড বেকারীর পরিবেশ ভালো না থাকা, খাবারের মেয়াদ না থাকায় দশ হাজার টাকা করে মোট কুড়ি হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদ উত্তীর্ন খাবার বিনষ্ট করা হয়। উপজেলার নুরনগর বাজারের সোনার বাংলা বেকারীকে পরিবেশ ভালো না থাকা,খাবারের মেয়াদ না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা সহ মেয়াদ উত্তীর্ণ খাবার জব্দ করে বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক জানান, “জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে স্বাস্থ্য সম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রীর আহব্বান জানান।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









