বিশ্ববাসীর চোখ এখন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। অপেক্ষা মহারণের। প্রতিদ্বন্দী আর্জেন্টিনা-স্পেন। প্রিয় ফুটবল দলের হাতেই উঠুক বিশ্বকাপ— প্রত্যাশা বিনোদন পাড়ার সমর্থকদের।
ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমিও আছেন এই দলে। ব্রাজিলের ফুটবল দলের কট্টর সমর্থক হয়েই মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান তিনি।
গণ্যমাধ্যমকে আরেফিন অমি বলেন, ‘‘আর্জেন্টিনা জিতবে। কারণ তাদের মেসি আছে। স্কোর হতে পারে ৩-২। মেসি মাস্ট গোল পাবে। আমি চাই আর্জেন্টিনা জিতুক। মেসির হাতে আরেকবার কাপ দেখতে চাই।’’
এদিকে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ নিয়ে নিজের প্রেডিকশন জানিয়েছেন ছোটপর্দার অভিনেতা আরশ খান। ফাইনালে স্পেনকে এগিয়ে রাখছেন এ অভিনেতা।
আরশ বলেন, ‘‘আজকের ম্যাচে স্পেনের জেতার সম্ভাবনা প্রায় ৬০%-৭০%। মনে হচ্ছে আর্জেন্টিনার জেতার সম্ভাবনা একটু কম। কিন্তু আমরা সবাই চাই আর্জেন্টিনাই জিতুক।’’
ম্যাচের প্রেডিকশন করতে গিয়ে তিনি বলেন, ‘‘ফাইনাল ম্যাচে খুব বেশি গোলের দেখা মিলবে না। হয়তোবা ১-০ হবে, না হলে ২-১ হবে। আর যদি কোনোভাবে ২-২ হয়, তাহলে ম্যাচ টাইব্রেকারে যাবে।’’
আর্জেন্টিনা ফুটবল দলের কড়া সমর্থক পূর্ণিমা। বিশ্বকাপের এবারের আসরে মেসিদের প্রত্যেকটি ম্যাচের জয় সামাজিক মাধ্যমে মন খুলে উদযাপন করেছেন তিনি। প্রত্যাশা ফাইনালেও জয়ী হোক আর্জেন্টিনা। দেখতে চাচ্ছেন মেসির পায়ে গোলও।
ফাইনাল খেলা নিয়ে অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা বলেন, ‘‘যেহেতু ফাইনাল ম্যাচ এবং প্রিয় দল আর্জেন্টিনা আছে সেহেতু খেলাটা আয়োজন করেই দেখব। কোনো প্রেডিকশন নেই তবে আমি চাই আর্জেন্টিনা জিতুক। মেসি গোল দিক। সে গোল করতে না পারলেও গোল বানিয়ে দিক।’’
আর্জেন্টিনা-স্পেন। কার হাতে উঠবে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬। অনেকেই করছেন প্রেডিকশন আর এ তালিকায় রয়েছেন অভিনেতা জায়েদ খানও।
এক খুদে বার্তায় তিনি একটি গণমাধ্যমকে জানান, ‘‘এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ নেবে। ২-১ গোলের ব্যবধানে স্পেনকে পরাজিত করবে তারা। মেসি একটি গোল দিতে পারেন। পাশাপাশি এ ক্ষুদে জাদুকর অ্যাসিস্টও করবেন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









