ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। সম্প্রতি একটি ভিডিওকে ঘিরে ছড়িয়ে পড়া ‘বান্ধবী’ বিতর্ক নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন তিনি।
ঘটনার সূত্রপাত পূর্ণিমার শেয়ার করা একটি ভিডিও থেকে। সেখানে কয়েকজন নারীর সঙ্গে আনন্দঘন মুহূর্তে দেখা যায় অভিনেত্রীকে।
ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘এই সেই আমার বান্ধবীরা’। এরপরই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং নানা ধরনের আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
সম্প্রতি এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে হাস্যরসের ছলে পূর্ণিমা বলেন,‘ভিডিওটা আমি দিয়েছিলাম। পরে আবার আমার এক বান্ধবীর সঙ্গে ফটোশুটের আরেকটা ভিডিওও শেয়ার করেছি। কিন্তু ‘বান্ধবী’ গল্পটা আমি বানাইনি, আপনারাই বানিয়েছেন।’
এ সময় তিনি একটি রিসোর্টে যাওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। পূর্ণিমা বলেন, ‘আমি একটি রিসোর্টে যাই। সেখানে খুব মজার রান্না হয়, আর আমি খেতে খুব পছন্দ করি। তাই কিচেনে গিয়ে দেখি তারা কীভাবে রান্না করেন।’
রান্নাঘরে নিজের অংশগ্রহণের কথাও জানিয়ে অভিনেত্রী বলেন, ‘ওরা অপেক্ষা করে আমি কখন যাব। মাঝে মাঝে আমি বলি, একটু শসা বা লেবু কেটে দিই। ওরাও আনন্দের সঙ্গে করতে দেয়। খুব আন্তরিকভাবেই তারা আমাকে পছন্দ করে।’
এভাবেই ভাইরাল হওয়া ‘বান্ধবী’ প্রসঙ্গের ব্যাখ্যা দিয়ে গুজবের অবসান ঘটানোর চেষ্টা করেন জনপ্রিয় এই অভিনেত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









