সাত মাস পেছানোর পর অবশেষে আজ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে তামিল তারকা ও বর্তমান মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জন নায়াগান’। অভিনয় জীবনের শেষ সিনেমা হওয়ায় এটি ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে।
দীর্ঘ প্রতীক্ষা এবং নানা জল্পনার অবসান ঘটিয়ে ছবির প্রথম দিনের ‘প্রথম শো’ ঘিরে তামিলনাড়ুর বিভিন্ন প্রেক্ষাগৃহে অনুরাগীদের উত্তেজনা, আনন্দের ছবিই ধরা পড়েছে। ভোর থেকেই প্রেক্ষাগৃহের বাইরে ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা। ঢাক-ঢোল, নাচ-গান, বাজি ফুটানো, বিজয়ের ছবির বড় কাট-আউট নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
চেন্নাইয়ের কোয়াম্বাতুরের ‘রোহিনী’ থিয়েটারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন পড়ে। প্রেক্ষাগৃহ চত্বরে বিজয়ের বিশাল পোস্টার ও কাট-আউট সাজিয়ে অভিনেতাকে অভিনব উপায়ে শুভেচ্ছা জানান তার সমর্থকেরা।
বহু জায়গায় দুধ ঢেলে নায়কের পুজো করতেও দেখা যায়। বড়পর্দায় প্রিয় তারকাকে শেষবার দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি কেও। অনেকেই ‘তঙ্গমে থালাপতি’ লেখা টি-শার্ট পরে প্রেক্ষাগৃহে হাজির হন। চেন্নাইয়ের একটি অঞ্চলে রথের আদলে সাজানো বিশেষ বাহনের মাধ্যমে ছবিকে স্বাগত জানানো হয়। আবার এক অনুরাগী নিজের বিলাসবহুল গাড়ির গায়ে বিজয়ের বিশাল ছবি এঁকে নজর কাড়েন।
সিনেমার মুক্তিকে কেন্দ্র করে তামিল অভিনেতা জয়ও অনুরাগীদের ধৈর্য ও সমর্থনের প্রশংসা করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “নানা বাধা ও প্রতিকূলতা কাটিয়ে অবশেষে ‘জন নায়াগান’ দর্শকের সামনে এসেছে, এটাই সবচেয়ে আনন্দের বিষয়।”
তিনি জানান, বিজয়ের অনুরাগীরা বড়পর্দায় ছবি দেখার অভিজ্ঞতাকেই অগ্রাধিকার দেন এবং দীর্ঘ অপেক্ষার পরেও সেই ভালবাসা অটুট রেখেছেন। সেই জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে বিজয়ের রাজনৈতিক পথচলারও প্রশংসা করেছেন জয়।
তিনি আরও জানান, জনপ্রতিনিধি হিসেবে বিজয় ভবিষ্যতেও মানুষের আস্থা অর্জন করবেন এবং তার প্রতি সমর্থকদের ভালবাসা ও সমর্থন অব্যাহত থাকবে।
এর আগে চলতি মাসেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পোস্টার প্রকাশ্যে এনে ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করেছিলেন বিজয়। সেই ঘোষণার পর থেকেই অনুরাগীদের মধ্যে উন্মাদনা আরও বাড়তে থাকে।
সিনেমাটির পরিচালনা করেছেন এইচ. বিনোদ। বিজয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মমিতা বাইজু, পূজা হেগড়ে, প্রকাশ রাজ, ববি দেওল, গৌতম বাসুদেব মেনন, প্রিয়া মণি এবং নারাইন। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ। সম্ভবত এটিই বিজয়ের শেষ ছবি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









