বয়স, ওজন কিংবা চেহারার পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তির প্রতিবাদ জানিয়েছেন বলিউড তারকা সালমান খান। ‘বিগ বস ২০’-এর একটি পর্বে অনলাইন ট্রলিং ও বডি শেমিং নিয়ে ক্ষোভ প্রকাশের সময় মঞ্চেই টুপি, জ্যাকেট ও শার্ট খুলে ট্রলকারীদের চ্যালেঞ্জ জানান তিনি।
প্রতিযোগীদের সঙ্গে আলোচনার সময় সামাজিক মাধ্যমে তারকাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রসঙ্গ ওঠে। এ সময় সালমান বলেন, বয়স বাড়া, ওজন বেড়ে যাওয়া কিংবা চেহারায় পরিবর্তন আসা নিয়ে তাকেও নিয়মিত কটূক্তির শিকার হতে হয়। একই সঙ্গে অন্য তারকাদের নিয়েও এমন ব্যক্তিগত আক্রমণের সমালোচনা করেন তিনি।
ক্ষোভ প্রকাশ করে সালমান প্রশ্ন তোলেন, মানুষকে হেয় করার মানসিকতা কেন তৈরি হয়। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, তাকে প্রায়ই ‘ভাই তো মোটা হয়ে গেছে’ ধরনের মন্তব্য শুনতে হয়।
এরপর মঞ্চেই নিজের টুপি ও জ্যাকেট খুলে ফেলেন সালমান। পরে শার্টও খুলে নিজের বর্তমান ফিটনেস দেখিয়ে ট্রলকারীদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, অন্যের চেহারা নিয়ে মন্তব্য করার আগে নিজেদের চেহারা আয়নায় দেখা উচিত। পাশাপাশি নিজের ও বাবা-মায়ের শারীরিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
সালমান আরও বলেন, বর্তমানে সিনেমা বা শিল্পচর্চা নিয়ে সমালোচনার চেয়ে মানুষের শরীর ও চেহারা নিয়ে ব্যক্তিগত আক্রমণই যেন বেশি গুরুত্ব পাচ্ছে। তার এমন প্রতিবাদের পর ‘বিগ বস’-এর মঞ্চ করতালি ও চিৎকারে মুখর হয়ে ওঠে। প্রতিযোগীরাও সালমানের ফিটনেস ও অবস্থানের প্রশংসা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









