চীনা অভিনেত্রী তাং ওয়েই ৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। ‘লেট অটাম’খ্যাত এই অভিনেত্রী ও দক্ষিণ কোরিয়ার পরিচালক কিম তে-ইয়ং দম্পতির ঘরে এবার জন্ম নিয়েছে একটি পুত্রসন্তান। সুখবরটি গত বুধবার সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন তাং ওয়েই।
খবর প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন এই জনপ্রিয় অভিনেত্রী। নতুন অতিথিকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানিয়েছেন তার ভক্তরা।
তাং ওয়েইয়ের মুখপাত্র জানান, এটি তাং ওয়েই ও কিম তে-ইয়ং দম্পতির দ্বিতীয় সন্তান। বুধবার চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট মোমেন্টসে একটি ছবি শেয়ার করেন তাং। ছবিতে পরিবারের তিন সদস্যের হাতের সঙ্গে একটি খেলনা ঘোড়া দেখা যায়। প্রথম সন্তান সামারের কথা উল্লেখ করে তিনি লেখেন, “এখন আমাদের চার সদস্যের পরিবারের নতুন যাত্রা শুরু হলো।”
এর আগে কয়েক মাস ধরেই তাং ওয়েইয়ের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চলছিল। চলতি বছরের এপ্রিলে সাংহাইয়ে একটি বিলাসবহুল ব্র্যান্ডের অনুষ্ঠানে বেবি বাম্পসহ দেখা যায় তাকে। পরে স্বামী কিম তে-ইয়ং ও মেয়ে সামারের সঙ্গে একটি পারিবারিক ছবি প্রকাশ করে গর্ভধারণের খবর নিশ্চিত করেন তিনি। তখন তাং লিখেছিলেন, “আমরা খুবই আনন্দিত। আমাদের পরিবারে নতুন একজন সদস্য যোগ দিচ্ছে।”
১৯৭৯ সালে চীনে জন্ম নেওয়া তাং ওয়েই অভিনয়জীবন শুরু করেন ২০০৪ সালে। তবে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘লেট অটাম’ ছবির মাধ্যমে। এই ছবির শুটিংয়েই পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে তার পরিচয়, যা পরে প্রেম এবং ২০১৪ সালে বিয়েতে রূপ নেয়। ২০১৬ সালে জন্ম নেয় তাদের প্রথম কন্যাসন্তান সামার। প্রায় এক দশক পর পরিবারে এলো দ্বিতীয় সন্তান।
কিম তে-ইয়ং দক্ষিণ কোরিয়ার একজন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক। অন্যদিকে তাং ওয়েই চীনের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান তৈরি করেছেন। ‘লাস্ট, কশন’ চলচ্চিত্রে অভিনয়ের পর একসময় চীনে বিতর্কের মুখেও পড়েছিলেন তিনি।
৪৭ বছর বয়সে দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশের পর চীন, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাং ওয়েই ও তার পরিবারকে অভিনন্দন জানাচ্ছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









