পাথরের রাজ্য হিসেবে পরিচিত সিলেটের জাফলং-এ এবার দেখা মিলেছে এক ভিন্নধর্মী ও চোখজুড়ানো দৃশ্যের। জাফলং জিরো পয়েন্টের চিরচেনা সাদা পাথরের বুক চিরে গজিয়ে উঠেছে নানা রকমের গাছপালা। ধু-ধু পাথরের মাঝে এই সবুজের সমারোহ জাফলংয়ের চিরচেনা রূপকে এক লহমায় বদলে দিয়েছে, যা দেখতে ভিড় করছেন শত শত পর্যটক।
শুক্রবার (২৪ জুলাই) জাফলং জিরো পয়েন্ট এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, এক অনিন্দ্যসুন্দর প্রাকৃতিক ক্যানভাস। একদিকে আকাশছোঁয়া পাহাড়ের বুক চিরে বয়ে আসছে স্বচ্ছ জলধারা, অন্যদিকে নদীর বুকে ছড়িয়ে থাকা হাজারো রঙ-বেরঙের পাথরের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবুজ গাছপালা। পাথর আর সবুজের এই মিতালি জাফলংয়ের সৌন্দর্যকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। পর্যটকদের কাছে জাফলংয়ের মূল আকর্ষণ এখন যেন এখানেই।
ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক মিলন আহমদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘‘জাফলংয়ের সাদা পাথর, পাহাড় আর স্বচ্ছ জল দেখতে এসেছিলাম। কিন্তু এখানে এসে পাথরের বুক চিরে গজিয়ে উঠা সবুজের সমারোহ দেখে সত্যিই আমি মুগ্ধ। এটা আমাদের জন্য একেবারে বাড়তি পাওনা বা বোনাস। পাথর আর সবুজের এমন সহাবস্থান এক নতুন ও অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা দিল।’’
স্থানীয় নৌকা চালক রহমত আলী বলেন, ‘‘পাহাড়ি ঢল আর পাথরের ভিড়ে আগে এমন দৃশ্য সচরাচর দেখা যেত না। ইদানিং পাথরের খাঁজে খাঁজে মাটি জমে অনেক সুন্দর সুন্দর গাছপালা বড় হয়ে উঠেছে। জাফলংয়ে আসা পর্যটকরা এখন জিরো পয়েন্টের এই জায়গাটিতেই সবচেয়ে বেশি সময় কাটাচ্ছেন এবং ছবি তুলছেন। আমাদের নৌকা ভাড়াও আগের চেয়ে ভালো হচ্ছে।’’
স্থানীয়রা ও পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, জাফলংয়ের নানা পর্যটন স্পটের মাঝে এটি যেন এক নতুন স্পট হিসেবে আত্মপ্রকাশ করেছে। রুক্ষ পাথরের বুকে প্রকৃতির এই সবুজ ছোঁয়া দেখতে জাফলংয়ে প্রতিনিয়তই বাড়ছে প্রকৃতিপ্রেমীদের আনাগোনা।
স্থানীয়রা ও পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, জাফলংয়ের নানা পর্যটন স্পটের মাঝে এটি যেন এক নতুন স্পট হিসেবে আত্মপ্রকাশ করেছে। রুক্ষ পাথরের বুকে প্রকৃতির এই সবুজ ছোঁয়া দেখতে জাফলংয়ে প্রতিনিয়তই বাড়ছে প্রকৃতিপ্রেমীদের আনাগোনা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









