প্রতারণা ও শারীরিক নির্যাতনের অভিযোগে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করার পর আলোচনায় রয়েছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে তোলা কয়েকটি ছবি ভাইরাল হওয়ায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ছবিগুলোতে স্নিগ্ধা চৌধুরীকে নজরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে দেখা যায়। কয়েকটি ছবিতে স্নিগ্ধার মাকেও উপস্থিত থাকতে দেখা গেছে।
ছবিগুলো ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই ছবিগুলোর সময়, স্থান ও প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। একটি সূত্রের দাবি, ছবিগুলো ঘটনার দিনই তোলা হয়েছিল। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ছবিগুলো দেখে সামাজিক মাধ্যমে কেউ কেউ দাবি করছেন, নজরুলের সঙ্গে স্নিগ্ধার স্বাভাবিক সম্পর্ক ছিল এবং পরবর্তীতে কোনো বিরোধের জেরে অভিযোগ করা হয়েছে। তবে এসব দাবি ব্যক্তিগত মতামত; এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশিত হয়নি। অন্যদিকে, ভাইরাল ছবি নিয়ে এখন পর্যন্ত স্নিগ্ধা চৌধুরীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, স্নিগ্ধার দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নজরুল ইসলাম ভূঁইয়া। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের পর আইনজীবীর মাধ্যমে তিনি জামিন লাভ করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। রবিবার রাতে রাজধানীর খিলক্ষেত থানায় এ মামলা দায়ের করা হয়।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইনের ভাষ্য অনুযায়ী, ‘ইমন’ নামে একজন ব্যক্তি প্রায় এক মাস ধরে আশিয়ান সিটির একটি বিজ্ঞাপনে কাজ করার জন্য স্নিগ্ধার সঙ্গে যোগাযোগ করছিলেন। পরে পারিশ্রমিক নিয়ে আলোচনা শেষে গত শুক্রবার আশিয়ান সিটির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়। প্রথমে রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবস্থিত একটি মেডিকেল কলেজে যেতে বলা হলে স্নিগ্ধা আপত্তি জানান। পরে তিনি তার মাকে সঙ্গে নিয়ে সেখানে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলাটি বর্তমানে তদন্তাধীন। অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অভিযোগগুলো প্রমাণিত নয় এবং সংশ্লিষ্ট সবাই আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









