বিশ্বকাপ থেকে বিদায়ের পর প্রথমবারের মতো ব্রাজিলে ফিরে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন কার্লো আনচেলত্তি।
মঙ্গলবার (২৮ জুলাই) ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)-এর সদর দপ্তরে কোচিং স্টাফ ও জাতীয় দল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তরুণ খেলোয়াড়দের সুযোগ দিয়ে একটি ‘নতুন ব্রাজিল’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত এই বৈঠকে আনচেলত্তির পাশাপাশি উপস্থিত ছিলেন জাতীয় দলের জেনারেল কোঅর্ডিনেটর রদ্রিগো কায়েতানো, টেকনিক্যাল কোঅর্ডিনেটর হুয়ান সান্তোস, ফিটনেস কোঅর্ডিনেটর ক্রিস্তিয়ানো নুনেস এবং পারফরম্যান্স অ্যানালিস্ট ও ফিজিওলজিস্টরা।
বৈঠক শেষে আনচেলত্তি জানান, আগামী দিনগুলোতে জাতীয় দলে ধাপে ধাপে পরিবর্তন আনা হবে। তবে অভিজ্ঞ খেলোয়াড়দের একসঙ্গে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই।
তিনি বলেন, “আমরা তরুণ খেলোয়াড়দের পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে একটি নতুন দল গঠন শুরু করব।” একই সঙ্গে তিনি যোগ করেন, “যারা গত বিশ্বকাপে আমাদের সঙ্গে ছিলেন এবং যাদের এখনও জাতীয় দলে বড় অবদান রাখার সামর্থ্য রয়েছে, তাদের আমরা একেবারে বাদ দিচ্ছি না।”
এদিকে, জাতীয় দল বিভাগের জেনারেল কোঅর্ডিনেটর রদ্রিগো কায়েতানো বলেন, “জাতীয় দল বিভাগে এটি আমাদের কাজের নতুন এক অধ্যায়ের সূচনা। সামনে বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ব্রাজিলকে সর্বোচ্চভাবে উপস্থাপন করতে আমরা কঠোর পরিশ্রম করব।”
বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে হারের পর জাতীয় দলকে বিদায় জানান নেইমার। ফলে আনচেলত্তির নেতৃত্বে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে ব্রাজিল কীভাবে নতুন করে ঘুরে দাঁড়ায়, সেটিই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় আগ্রহের বিষয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









