গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি মালবাহী ট্রাকের সজোরে ধাক্কায় এক ট্রাকচালক নিহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) ভোরে উপজেলার বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম মিরাজুল ইসলাম। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মালবোঝাই ট্রাক কালিয়াকৈরের বোর্ডঘর এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মিরাজুল ইসলাম মারা যান। দুর্ঘটনার পরপরই দাঁড়িয়ে থাকা ট্রাকটির চালক পালিয়ে যান।
খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর হোসেন জানান, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পলাতক চালককে সনাক্তকরণসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









