অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনীত নাটক ‘লুক আ লাইক’-এর প্রচারণাকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নাটকটির ট্রেলার ও একাধিক পোস্টার প্রকাশের পর মুক্তির দিন নতুন একটি পোস্টারে নাটকের কোনো দৃশ্য বা লুকের পরিবর্তে প্রভার ব্যক্তিগত একটি ছবি ব্যবহার করে।
পোস্টারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা নেতিবাচক মন্তব্য শুরু হয়। বিষয়টি নজরে আসার পর প্রভা ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন।
তিনি জানান, পোস্টার ডিজাইনার গুরুতর ভুল করেছেন। তার ভাষ্য, ছবিটি তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে এবং তিনি নিজেই ব্লুটুথ রিমোট ব্যবহার করে ছবিটি তুলেছিলেন। নাটকের গল্প বা চরিত্রের সঙ্গে ছবিটির কোনো সম্পর্ক না থাকায় এটি ব্যবহারের আগে তার অনুমতি নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
প্রভার মতে, কোনো শিল্পীর ব্যক্তিগত ছবি তার সম্মতি ছাড়া ব্যবহার করা পেশাদার আচরণের মধ্যে পড়ে না এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সমালোচনার পর বিষয়টি আমলে নেয় ‘বঙ্গ’। প্রতিষ্ঠানটি দ্রুত বিতর্কিত পোস্টারটি তাদের ফেসবুক পেজ থেকে সরিয়ে ফেলে এবং পরে নাটকের একটি দৃশ্য থেকে নেওয়া প্রভার লুক ব্যবহার করে নতুন পোস্টার প্রকাশ করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









